পীরগঞ্জে ‘কিশোর গ্যাং’-এর দাপট, শঙ্কিত এলাকাবাসী 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ খাদেমুল ইসলাম, (ঠাকুরগাঁও) :  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রাশ টানা যায়নি কথিত ‘কিশোর গ্যাং’-এর দৌরাত্ম্যে। স্থানীয়দের অভিযোগ, পৌর শহরজুড়ে বেপরোয়া হয়ে উঠেছে বিপথগামী কিশোর-তরুণদের একাধিক দল। চুরি, ছিনতাই, মাদক সেবন ও সাধারণ মানুষকে নাজেহাল করার ঘটনায় শহরজুড়ে এখন ভর করেছে চরম নিরাপত্তাহীনতা। সম্প্রতি স্কলার্স একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একটি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আসা মেয়েদের উত্ত্যক্ত করছিল কিশোর গ্যাংয়ের কিছু সদস্য।


বিজ্ঞাপন

এছাড়াও পৌর শহরের বিভিন্ন এলাকায় কিশোর ও তরুণদের একটি অংশ মাদক, চুরি, ছিনতাই ও ইভটিজিংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ফলে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং নারী শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, পৌর শহরের ঈদগাহ মাঠ, রেলস্টেশনপাড়া, টিএন্ডটি পাড়া, গুয়াগাঁও, কলেজ বাজার, মাস্টার মোড়, মুক্তিযোদ্ধাপাড়া ও মুন্সিপাড়াসহ বিভিন্ন এলাকায় দিনের বেলাতেই চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে।

এ ছাড়া রাতের আঁধারে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও শিল্পপ্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক তার কেটে নিয়ে যাওয়ার ঘটনা নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। নির্মাণাধীন ভবন থেকেও চুরি হচ্ছে রড, সিমেন্টসহ বিভিন্ন সামগ্রী। এসব কর্মকাণ্ডে বখাটে যুবক, ছিঁচকে চোর এবং বিপথগামী স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা যুক্ত হয়ে পড়েছে।


বিজ্ঞাপন

কখনো কখনো স্থানীয় বাসিন্দারা জড়িতদের হাতেনাতে ধরে পুলিশে দিলেও অভিযুক্তদের বয়স কম হওয়ায় কার্যকর আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়।


বিজ্ঞাপন

পৌর শহরের শিক্ষক দুলাল সরকার বলেন, ‘সম্প্রতি স্কলার্স একাডেমি স্কুল এন্ড কলেজের একটি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আসা মেয়েদের উত্ত্যক্ত করছিল কিশোর গ্যাংয়ের কিছু সদস্য। আমি বাধা দিতে গেলে তারা উল্টো আমাকে হুমকি দেয়। এসব কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে ছিনতাই ও মাদকের সংশ্লিষ্টতার বিস্তর অভিযোগ রয়েছে।’

পরিবার নিয়ে চলাচলে আতঙ্কের কথা জানিয়ে স্থানীয় এক শিক্ষক বলেন, ‘রাতে পরিবার নিয়ে রাস্তায় বের হতে ভয় লাগে। তুচ্ছ বিষয় নিয়েই এরা সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার ও নাজেহাল করে। সন্ধ্যার পর থেকেই পৌর শহরের কাপড়ের বাজার, স্বর্ণকারপট্টি, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, চৌরাস্তা, ঈদগাহ মাঠ, কবরস্থান ও রেললাইনের আশপাশে এদের আনাগোনা উদ্বেগজনক হারে বেড়ে যায়।’

কিশোর অপরাধের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা বলেন, ‘হোস্টেলে ছুরি দেখিয়ে আমাদের এক শিক্ষার্থীর মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে ৮ থেকে ১০ জনের একটি কিশোর দল। অল্প বয়সী এসব কিশোর দলবদ্ধভাবে চুরি, ছিনতাই, মাদক ও মারামারিতে জড়িয়ে পড়ছে।’

পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বলেন, কিশোরেরা দিন দিন অপরাধে জড়িয়ে পড়ছে। সন্ধ্যার পর পৌর শহরে মারামারির ঘটনা বেশি ঘটছে। কিশোর গ্যাং প্রতিরোধে অভিভাবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি সতর্ক হতে হবে।

ঠাকুরগাঁও জজকোর্টের আইনজীবী আবু সায়েম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে পীরগঞ্জে কিশোর অপরাধ ও মাদক সেবন-বাণিজ্য আশঙ্কাজনক হারে বাড়ছে। অপরাধীরা রাজনৈতিক ছত্রছায়ায় থাকার চেষ্টা করে, আবার কিছু রাজনীতিবিদও নিজেদের স্বার্থে এদের ব্যবহার করেন। জুলাই গণ-আন্দোলনের পরও যদি এ ধরনের তৎপরতা চলতে থাকে, তবে ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক গোলাম রব্বানী সরদার বলেন, ‘কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রশাসন তৎপর রয়েছে। গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি আমরা সমন্বিতভাবে কাজ করছি। ইতোমধ্যে জনসচেতনতামূলক সভা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন করা হবে এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

জানতে চাইলে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাত হোসেন বলেন, পীরগঞ্জে কিশোর গ্যাংয়ের বিষয়টি সম্পর্কে এখনো তাঁর কাছে বিস্তারিত তথ্য নেই। তবে কেউ যদি কিশোর গ্যাং হিসেবে সংগঠিত হওয়ার চেষ্টা করে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা প্রতিহত করবে এবং কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান বলেন, সামাজিক অবক্ষয় ও পারিবারিক তদারকির অভাবেই কিশোরেরা বিপথগামী হচ্ছে। এদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় কোনো কিশোর গ্যাংয়ের সদস্য অপরাধে জড়ালে, সে যে দলেরই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে; কোনো ছাড় দেওয়া হবে না।’

👁️ 16 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *