
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুলশিক্ষিকাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগে কবির শেখ (৩৫) নামে এক যুবককে বেধড়ক মারধর করেছে উত্তেজিত স্থানীয়রা।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
রোববার ৪ সেপ্টেম্বর উপজেলার কুশলা গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের শিকার কবির শেখ বিরামের কান্দি গ্রামের সরোয়ার শেখের ছেলে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্র জানায়, গত ৬ মাস ধরে স্কুলে যাওয়া-আসার পথে কবির শেখ ওই শিক্ষিকাকে বিয়ে করার জন্য নানাভাবে উত্ত্যক্ত ও পথরোধ করে আসছিল।

এমনকি মাঝেমধ্যে গায়ে পানি ছিটিয়ে ভিজিয়ে দিতো। অভিযুক্তের পরিবার, উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ জানিয়েও কোনো সুরাহা পাননি ভুক্তভোগী।

বিজ্ঞাপন
ঘটনার দিন সকালে শিক্ষিকা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হলে কবির পুনরায় তার পথরোধ করে। এ সময় শিক্ষিকার আত্মীয়স্বজন ও স্থানীয়রা এগিয়ে এসে কবিরকে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে রেখে যায়। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
অভিযুক্তের পরিবারের দাবি, কবিরের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। তবে মারধরের বিষয়ে কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুকুমার কুণ্ডু জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
