গোপালগঞ্জে ৯ম পে-স্কেল ও বেতন বৈষম্য দূর করার দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতি

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন সরকারি কর্মচারীরা। ৩ ফেব্রুয়ারী  মঙ্গলবার সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আহ্বানে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সংগতি রেখে দ্রুত নতুন বেতন স্কেল ঘোষণা ও বৈষম্য দূর করার লক্ষ্যেই মূলত এই আন্দোলনের ডাক দেওয়া হয়।


বিজ্ঞাপন

​সকাল থেকেই গোপালগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা তাদের দৈনন্দিন কাজ বন্ধ রেখে আন্দোলনে যোগ দিতে থাকেন। ব্যানার হাতে কয়েকশ কর্মচারীর উপস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ উত্তাল হয়ে ওঠে। আন্দোলনে গোপালগঞ্জ গণপূর্ত অধিদপ্তরসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলের সময় কিছুক্ষণের জন্য জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন এলাকায় যানজটের সৃষ্টি হলেও সামগ্রিকভাবে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

​আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে অন্যতম হলো বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে অবিলম্বে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করা। এছাড়া তারা সচিবালয়ের ন্যায় সচিবালয় বহির্ভূত দপ্তরের কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য দূর করা এবং পে-স্কেল সংক্রান্ত জটিলতা নিরসনে দ্রুত সরকারি গেজেট জারির দাবি জানান।


বিজ্ঞাপন

​সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিত্যপণ্যের আকাশচুম্বী দামের কারণে সাধারণ কর্মচারীদের জীবন আজ অতিষ্ঠ। দীর্ঘদিনের দাবি সত্ত্বেও বেতন বৈষম্য নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে তাদের ১ দফা দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন আন্দোলনকারী কর্মচারী নেতারা।


বিজ্ঞাপন
👁️ 134 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *