প্রশাসনিক বিকেন্দ্রীকরণে বড় পদক্ষেপ : বগুড়া সিটি কর্পোরেশনসহ পাঁচ নতুন উপজেলা অনুমোদন

Uncategorized জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  দেশের প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর, জনমুখী ও সেবাবান্ধব করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠকে বগুড়া সিটি কর্পোরেশনসহ পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (০৭ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, স্থানীয় সরকার ব্যবস্থার শক্তিশালীকরণ এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে নতুন ‘মোকামতলা’ উপজেলা গঠন করা হয়েছে। একইভাবে কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে তৈরি হচ্ছে ‘মাতামুহুরী’ উপজেলা। এছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে দুটি নতুন উপজেলা—‘রুহিয়া’ ও ‘ভুল্লী’—গঠন করা হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে প্রতিষ্ঠা করা হয়েছে নতুন ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।


বিজ্ঞাপন

এছাড়াও দ্রুত বর্ধনশীল নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তৃতি বিবেচনায় বগুড়াকে নতুন সিটি কর্পোরেশন হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্ত উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড, নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে।


বিজ্ঞাপন

সরকারের নীতিনির্ধারকরা বলছেন, নতুন উপজেলা গঠনের ফলে স্থানীয় জনগণের প্রশাসনিক সেবা গ্রহণ সহজ হবে, কমবে ভোগান্তি এবং তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও আইনশৃঙ্খলা ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এটি শুধু প্রশাসনিক পুনর্বিন্যাস নয়; বরং একটি দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশলের অংশ, যার মাধ্যমে আঞ্চলিক বৈষম্য কমিয়ে সারাদেশে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করার পথ আরও সুগম হবে।

👁️ 30 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *