
নইন আবু নাঈম, (শরণখোলা) : বাগেরহাটের শরণখোলায় মহিমা নামে বাকপ্রতিবন্ধী নারীর ঘরে রাতে দেয়াল টপকে ঢুকে অস্ত্রের মুখে লুটপাট ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (১০ জুন) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের ২ংদক্ষিণ রাজাপুর ওয়ার্ডের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তিনজনের একটি সংঘবদ্ধ দল মুখোশ পরে বাড়ির দেয়াল টপকে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে লুটপাট চালায়।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ওই বাড়ির বাসিন্দা সোবাহান মোল্লা জীবিকার তাগিদে ঝালমুড়ি বিক্রির কাজে বাইরে থাকায় ঘটনার সময় ঘরে ছিলেন তার বাকপ্রতিবন্ধী স্ত্রী মহিমা বেগম (৪০), মেয়ে মরিয়ম ও এক নাতি।

মেয়ে মরিয়ম অভিযোগ করে বলেন, রাতের দিকে ঘরের পেছন দিক দিয়ে দুইজন প্রথমে ঘরে ঢোকে। পরে দরজা খুলে আরও একজন প্রবেশ করে। তারা মাকে একটি পিস্তল দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করে, মারধর করে এবং কানের স্বর্ণের দুল নিয়ে যায়। এছাড়া ঘরে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, সেলাই মেশিন ও নগদ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে যায়।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে না পারলেও বাকপ্রতিবন্ধী মহিমা বেগম ইশারায় জানান, তাকে ভয়ভীতি দেখানো হয়েছে এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং তার কান ছিঁড়ে কানের দুল নিয়ে যায় যাতে করে তার কান থেকে রক্ত ঝরছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক ব্যক্তিরা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদারের দাবি জানান।
স্থানীয় বিএনপি নেতা মিজান মোল্লা ও সিরাজুল খান বলেন, একজন বাকপ্রতিবন্ধী নারীর ঘরে এভাবে হামলা ও লুটপাটের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত চালাচ্ছে।
এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
