সম্ভাবনার দ্বার শরণখোলা রিভারভিউ পার্ক

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম (শরণখোলা)   :  বাগেরহাটের শরণখোলা উপজেলায় পর্যটনের নতুন সম্ভাবনা হিসেবে আলোচনায় এসেছে শরণখোলা রিভারভিউ পার্ক। বড়ইতলা বলেশ্বর নদীর মনোরম তীর ঘেঁষে গড়ে ওঠা এ পার্কটি স্থানীয় বাসিন্দা, দর্শনার্থী ও ভ্রমণপ্রেমীদের কাছে ধীরে ধীরে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হচ্ছে।


বিজ্ঞাপন

প্রাকৃতিক সৌন্দর্য, নদীর অপরূপ দৃশ্য এবং খোলামেলা পরিবেশের কারণে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে ঘুরতে আসছেন। বিশেষ করে বিকেলের সময় পরিবার-পরিজন নিয়ে দর্শনার্থীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। স্থানীয়দের মতে, পার্কটির আরও উন্নয়ন হলে এটি শরণখোলার অর্থনীতি ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পার্কে ঘুরতে আসা দর্শনার্থী মো. রাকিব হোসেন বলেন, “বলেশ্বর নদীর পাড়ে এমন সুন্দর পরিবেশে সময় কাটাতে খুব ভালো লাগে। এখানে আরও কিছু বিনোদনমূলক ব্যবস্থা যোগ করা হলে দর্শনার্থীর সংখ্যা অনেক বাড়বে।”


বিজ্ঞাপন

স্থানীয় ব্যবসায়ী মো. মহারাজ বলেন, “রিভারভিউ পার্ককে কেন্দ্র করে এলাকায় ছোটখাটো ব্যবসা-বাণিজ্যের সুযোগ তৈরি হয়েছে। পর্যটক বাড়লে স্থানীয় মানুষের আয়ও বাড়বে।”


বিজ্ঞাপন

শরণখোলা উপজেলার বাসিন্দা অতুল হাওলাদার বলেন, “পরিবার নিয়ে ঘুরতে আসার মতো নিরাপদ ও সুন্দর একটি জায়গা এটি। শিশুদের জন্য আরও কিছু খেলার ব্যবস্থা থাকলে ভালো হতো।”

এ বিষয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বরত) অর্থিতা হাওলাদার বলেন, “শরণখোলার পর্যটন সম্ভাবনা বিকাশে রিভারভিউ পার্ককে আরও আকর্ষণীয় ও দর্শনার্থীবান্ধব করতে প্রয়োজনীয় উন্নয়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”

প্রাকৃতিক সৌন্দর্য আর সম্ভাবনার হাতছানিতে শরণখোলা রিভারভিউ পার্ক এখন এলাকাবাসীর কাছে একটি স্বপ্নের নাম। যথাযথ পরিকল্পনা ও উন্নয়নের মাধ্যমে এটি ভবিষ্যতে দক্ষিণাঞ্চলের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।

👁️ 42 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *