
বিশেষ প্রতিনিধি : রাজধানীর বনানী পুলিশ ফাঁড়ির একেবারে নিকটবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনে কড়াইল ও স্টেশনসংলগ্ন স্থান দখল করে ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ উঠেছে। বিতর্কিত সাদেক মিয়া ও তার শক্তিশালী সিন্ডিকেটের পাশাপাশি কাকলী কাউন্টারের মাস্টার কবির হোসেন এবং রেলওয়ের মাস্টার রোলের কর্মচারী রাজীবের বেপরোয়া দখলদারিত্বে চরম অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় সাধারণ মানুষ ও সাধারণ যাত্রীরা।
অনুসন্ধানে জানা যায়, বনানী পুলিশ ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বে নিজের অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছেন সাদেক মিয়া। আওয়ামী লীগ সরকারের শাসনামলে পূরবী আবাসিক হোটেল লুটপাট ও ভাঙচুরের প্রধান নায়ক হিসেবে পরিচিত এই সাদেক। তৎকালীন ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহর অত্যন্ত বিশ্বস্ত কর্মী হিসেবে এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন তিনি। স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে স্টেশন ও সংলগ্ন এলাকা থেকে রড, রিকশার যন্ত্রাংশ ও সরকারি নির্মাণসামগ্রী পাচার করে আসছে সাদেক ও তার গ্যাং।
শুধু সরকারি মালামাল পাচারই নয়, মূল রাস্তা দখল করে এলোমেলো যানবাহন পার্কিং এবং গভীর রাত পর্যন্ত সাদেকের দোকানে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও অপরাধীদের আড্ডার আখড়া সচল রাখার কারণে মূল সড়কে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে আশপাশের বাসিন্দা ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, “সাদেকের চায়ের দোকান ও আড্ডাস্থল এখন পুরো বনানী-কড়াইল এলাকার অপরাধের প্রধান কার্যালয়ে পরিণত হয়েছে। পুলিশের চোখের সামনেই এসব ঘটলেও অজ্ঞাত কারণে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।”
অন্যদিকে, কাকলী বাস কাউন্টারে ক্ষমতার অপব্যবহার ও আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে কাউন্টার মাস্টার কবির হোসেনের বিরুদ্ধে। সরকারি নিয়ম-নীতির কোনো তোয়াক্কা না করে মনগড়া সময়ে কাউন্টারে আসা-যাওয়া করেন তিনি। অভিযোগের বিষয়ে জানতে কয়েকদিন ধরে দপ্তরে গিয়েও তাকে পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করা হলে “মিটিং আছে” বলে তিনি বারবার ফোন কেটে দেন।
একই স্থানে দীর্ঘদিন ধরে অবস্থান করার সুবাদে কবির হোসেন কাউন্টারসংলগ্ন ফাঁকা এলাকায় অবৈধভাবে একাধিক দোকানপাট তুলেছেন। মোটা অঙ্কের আর্থিক সুবিধার বিনিময়ে সেসব দোকানে ঝুঁকিপূর্ণ উপায়ে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন, যা যেকোনো সময় বড় ধরনের প্রাণঘাতী অগ্নিকাণ্ডের রূপ নিতে পারে। সরকারি কর্মচারী হয়েও দলীয় সুবিধামতো কখনো নিজেকে শ্রমিক লীগ, আবার কখনো শ্রমিক দলের নেতা পরিচয় দেন কবির। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বনানী ফাঁড়ির পুলিশের সাথে কবিরের রয়েছে গভীর সখ্য। পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই তিনি পুরো এলাকা নিয়ন্ত্রণ করেন।
এদিকে বনানী ও এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন ঘিরে দাপট দেখাচ্ছেন রেলওয়ের মাস্টার রোলের কর্মচারী রাজীব। এয়ারপোর্ট অঞ্চল থেকে নিয়ন্ত্রিত এই কর্মচারী জাতীয় শ্রমিক লীগের এক মহানগর নেতার ঘনিষ্ঠ পরিচয় দিয়ে এলাকায় রাজত্ব চালাচ্ছেন। নিয়ম ভেঙে রেলওয়ে অফিসের ভেতরে থাকা মূল টিকিট কাউন্টারের চাবি হস্তান্তর করা হয়েছে তথাকথিত ‘মালিক’ শ্রেণির হাতে। সরকারি টিকিট কাউন্টারে বহিরাগতদের এমন কর্তৃত্ব এবং রাজীবের দম্ভের কাছে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ যাত্রীরা। পুরো বিষয়ে রেলওয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সব জেনেও অদ্ভুত নীরবতা পালন করছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাদেকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। তবে কাউন্টার মাস্টার কবির হোসেন অবৈধ দোকান ও সংযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কোনো রাজনৈতিক প্রভাব খাটাই না এবং কাউন্টারে নিয়মিত ডিউটি করি।” রেলওয়ে কর্মচারী রাজীব জানান, “আমি মাস্টার রোলের কর্মচারী হিসেবে নিজের কাজ করি, কাউন্টারের চাবি বা অন্য কোনো অনিয়মের সাথে আমার সম্পৃক্ততা নেই।”
বনানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন জানান, “পুলিশ ফাঁড়ির সামনে বা আশপাশে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। অবৈধ বিদ্যুৎ সংযোগ বা চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেব। কারও সাথে পুলিশের সখ্যের বিষয়টি সঠিক নয়।”
এ বিষয়ে রেলওয়ের ঢাকা ডিভিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “রেলওয়ের জায়গায় অবৈধ দখলদারি কিংবা চাবি হস্তান্তরের মতো অনিয়ম বরদাশত করা হবে না। স্টেশন ও সরকারি সম্পদ রক্ষায় রেলওয়ের নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে মাস্টার রোলের কর্মচারী রাজীবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বনানী ও স্টেশনসংলগ্ন এলাকার সচেতন সমাজ ও ভুক্তভোগীরা অবিলম্বে এই সিন্ডিকেটের কবল থেকে এলাকাকে মুক্ত করার দাবি জানিয়েছেন। তাঁরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কবির হোসেন, সাদেক ও রাজীবের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে পুলিশ প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
👁️ 362 News Views
