
খুলনা প্রতিনিধি : খুলনার ফুলতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার ১ ফেব্রুয়ারি, ফুলতলা উপজেলার পিপরাইল গ্রামের বাসিন্দা মিন্টু মোল্লা (৩৫), পিতা– হাসনাত মোল্লা এবং একই গ্রামের মোঃ আলী মোল্লা, পিতা– ছুরাফ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামালের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) শফিউজ্জামানের নেতৃত্বে এএসআই পিয়ারুল হক, এএসআই শফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স পিপরাইল গ্রাম ও জামিরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান কালে মোঃ আলী মোল্লার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭৮ হাজার টাকা উদ্ধার করে তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। অপর আসামি মিন্টু মোল্লার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত দু’জন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
তাদের বিরুদ্ধে ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন,
মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না।
