গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জে দুটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মধ্যে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।  মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি যাত্রীবাহী বাস একই দিকে যাওয়া জিএমএস পরিবহনের আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দুটি বাসই তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গভীর খাদে ছিটকে পড়ে। দুর্ঘটনায় ট্রাকটির পেছনের অংশও মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।


বিজ্ঞাপন

ভয়াবহ এই দুর্ঘটনায় দুই বাসের অন্তত ৩০ জন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীর মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।


বিজ্ঞাপন

এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়, ফলে রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
গোপালগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

👁️ 20 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *