
মোঃ শহিদুল ইসলাম (সিরাজগঞ্জ) : দিনের সূর্য অস্ত যাবার পর অন্ধকারে ঢাকা পরে ফুটওভারব্রিজ আলোর অভাবে রেললাইন দিয়ে পারাপার হচ্ছেন যাত্রী-পথচারী ,সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলস্টেশনের ফুট ওভারব্রিজ।

দীর্ঘদিন ধরে ওভারব্রিজে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতে এটি ব্যবহার করতে গিয়ে ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় পড়ছেন ট্রেনযাত্রী ও সাধারণ পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর ওভারব্রিজে পর্যাপ্ত আলো না থাকায় অনেকেই সেটি ব্যবহার করতে অনীহা প্রকাশ করেন, ফলে ফুট ওভারব্রিজ পারা পারকারী কেউ কেউ বাধ্য হয়ে ফুট ওভারব্রিজের পরিবর্তে সরাসরি রেললাইন পার হয়ে পূর্ব থেকে পশ্চিমে কিংবা পশ্চিম থেকে পূর্বে যাতায়াত করছেন।

রাতের অন্ধকারে রেললাইনের ওপর দিয়ে মানুষের চলাচল যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। নিরাপদ পারাপারের জন্য ফুট ওভারব্রিজ থাকা সত্ত্বেও শুধুমাত্র আলোর অভাবে মানুষ রেললাইনে নামলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।

দ্রুত আলোর ব্যবস্থা চান স্থানীয়রা : স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের দাবি, কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আগেই জামতৈল রেলস্টেশনের ফুট ওভারব্রিজে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হোক। পাশাপাশি ওভারব্রিজের বৈদ্যুতিক সংযোগ ও আলোকব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণের আওতায় আনার দাবি জানান তারা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিলে নিরাপদ হবে যাত্রী ও সাধারণ মানুষের চলাচল। একই সঙ্গে কমবে রেললাইনে ঝুঁকিপূর্ণ পারাপারের প্রবণতা এবং দুর্ঘটনার আশঙ্কা।
