
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে চাঁদা দাবি, হয়রানি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আদালতে একাধিক অভিযোগ দায়ের করেছেন বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে ঘিরে বিভিন্ন অভিযোগ ও আলোচনা ছড়িয়ে পড়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তারাশী গ্রামের মৃত সাত্তার শেখের ছেলে মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর, ঠিকাদারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি এবং হয়রানির অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী মাসুম বিল্লাহ, হাদিউজ্জামান নিলু, মোঃ হানিফ শেখ, আনোয়ার দাড়িয়া, হালিম শেখ বলেন বিগত আওয়ামীলীগ সরকারের আমলে বিমানবাহিনীতে মনিরুজ্জামান জুয়েল যোগদান করেন। কিছুদিন পরই এলাকায় জ্ঞানের আলো পাঠাগারের নামে একটি সংগঠন করে অসহায় লোকদের সেবার নামে হাতিয়ে নেয় লক্ষাধিক টাকা। আওয়ামী লীগ সরকারের দাপট দেখিয়ে প্রতিটি সরকারি দপ্তরে দেখায় ক্ষমতা।

ছলে বলে কৌশলে অসহায় মানুষের নামে সরকারি দপ্তর ও জনগণের কাছ থেকে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা।দেবুত্তর সম্পত্তি দখল সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ভুক্তভোগীরা বিমান বাহিনীতে অভিযোগ দায়ের করেন। অবস্থা বেহালা দশা দেখে উধ্ধতন নেতার মাধ্যমে স্বেচ্ছায় বিমান বাহিনী থেকে অবসরে এসে সাংবাদিকতায় নাম লেখায় আর অস্থিরতা শুরু করে এলাকায়।

অভিযোগ অনুযায়ী, ২০২৬ সালের ১২ এপ্রিল সৌরভ ট্রেডার্স এবং ৮ জানুয়ারী মজুমদার কোটালীপাড়া লিমিটেডের পক্ষ থেকে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। এছাড়া ঘাঘর-কান্দার সহকারী প্রধান শিক্ষিকা তপতী বাড়ৈ তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে ৬ জানুয়ারি গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে পিবিআই এর কাছে তদন্তাধীন রয়েছে।
এদিকে, গত ২৩ ফেব্রুয়ারি উপজেলার ১৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উপজেলা চত্বরে মানববন্ধন করে মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ তুলে ধরেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেন।
এছাড়া ‘জ্ঞানের আলো পাঠাগার’ নামে পরিচালিত কার্যক্রমে সরকারি অর্থের অনিয়ম ও আত্মসাতের অভিযোগ এনে গত ৯ মার্চ এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে দৈনিক আমার দেশ–এর কোটালীপাড়া প্রতিনিধি মনিরুজ্জামান জুয়েল বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে।”
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগগুলো আইনি প্রক্রিয়ায় তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, “তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হবে।”
