
বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড—মিল্ক ভিটায় দুর্নীতি, জালিয়াতি ও অর্থ আত্মসাতের একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। পরিচালক পদে নির্বাচনে বিজয়ী করে দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের পাশাপাশি প্রতিষ্ঠানের খামারে খড় ও ওষুধ কেনাকাটা, ভুয়া গেট এন্ট্রি, জাল কাগজপত্র এবং এমনকি মৃত প্রাণীর চিকিৎসার নামে অর্থ আত্মসাতের তথ্যও উঠে এসেছে।

এসব ঘটনায় মিল্ক ভিটার সমবায় সমিতি বিভাগের ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ও চিকিৎসক ডা. আক্তার হোসেন নোবেলের নাম প্রধান অভিযুক্ত হিসেবে উঠে এসেছে। টেকেরহাট মহিষ খামারে সংঘটিত অনিয়ম তদন্তে গঠিত তিন সদস্যের বিশেষ তদন্ত কমিটির প্রতিবেদনে জালিয়াতি, ভুয়া ভাউচার এবং বিনা চিকিৎসায় অর্থ আত্মসাতের বিষয়টি উল্লেখ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
নির্বাচন জিতিয়ে দেওয়ার নামে ১০ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ : মিল্ক ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির ‘নির্বাচন-২০২৫’-এ পরিচালক পদে বিজয়ী করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেলটিয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মুক্তার খানের কাছ থেকে ১০ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ডা. আক্তার হোসেন নোবেলের বিরুদ্ধে।
মিল্ক ভিটার চেয়ারম্যানের কাছে দেওয়া লিখিত অভিযোগে মুক্তার খান দাবি করেন, পরিচালক পদে নির্বাচনে জিতিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ডা. নোবেল তাঁর সঙ্গে ২০ লাখ টাকার চুক্তি করেন।
অভিযোগে বলা হয়, গত ২৫ জুন বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁওস্থ নাক-কান-গলা হাসপাতালের সামনে ডা. নোবেলের অফিসিয়াল গাড়িতে নগদ ১০ লাখ টাকা তুলে দেওয়া হয়। ওই সময় খাওনা দরগা সমবায় সমিতির সভাপতি মো. আফজাল হোসেন মাস্টার প্রত্যক্ষদর্শী হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আরও ২০ হাজার টাকা নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে অনিবার্য কারণে নির্বাচন স্থগিত হয়ে গেলে মুক্তার খান তাঁর দেওয়া টাকা ফেরত চান। তবে অভিযোগ অনুযায়ী, ডা. নোবেল টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান।

বিজ্ঞাপন
খামারে জালিয়াতি ও হরিলুটের ভয়াবহ চিত্র : নির্বাচনকেন্দ্রিক অর্থ লেনদেনের অভিযোগের পাশাপাশি মিল্ক ভিটার সিরাজগঞ্জের বাঘাবাড়ীঘাট দুগ্ধ কারখানার আওতাধীন ‘টেকেরহাট মহিষ খামার’-এর কর্মকাণ্ড নিয়েও গুরুতর অনিয়মের তথ্য পাওয়া গেছে।
খড় ক্রয়, পশুর চিকিৎসা এবং বিভিন্ন ধরনের কেনাকাটায় অনিয়ম তদন্তে তিন সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়। উপ-ব্যবস্থাপক বিদুর কুমার ঘোষের নেতৃত্বে গঠিত ওই কমিটির প্রতিবেদনে একাধিক গুরুতর অনিয়ম ও জালিয়াতির তথ্য উঠে আসে।
মৃত মহিষের চিকিৎসা দেখিয়ে অর্থ আত্মসাত : তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ডা. মো. আক্তার হোসেনের দায়িত্বকালীন ২০১৮ থেকে ২০২০ সালের সময়ে কাল্পনিক চিকিৎসা দেখিয়ে অর্থ নেওয়ার ঘটনা ঘটেছে।
এর মধ্যে ট্যাগ নম্বর-৭৫৫-এর একটি বাছুর ২০১৮ সালের ২৪ জুলাই মারা যায়। অথচ খামারের রেজিস্টারে ওই মৃত বাছুরটির চিকিৎসা দেখানো হয়েছে ২০১৯ সালের ২ মে পর্যন্ত।
শুধু তাই নয়, একটি বাছুরকে একই সময়ে ৫৮ ভায়াল : ‘Ciprofloxacin’ প্রয়োগের তথ্যও তদন্তে পাওয়া গেছে। তদন্ত কমিটি এটিকে গুরুতর অপচিকিৎসার উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। পাশাপাশি নামবিহীন বহু গাভী ও বাছুরকে চিকিৎসা দেওয়ার তথ্যও নথিপত্রে পাওয়া গেছে।
ভুয়া গেট এন্ট্রি, জাল রেজিস্টার ও কাগজপত্র৷ : তদন্তে খামারে খড়সহ বিভিন্ন সামগ্রী প্রবেশের ক্ষেত্রেও গুরুতর অনিয়ম ধরা পড়ে। মূল রেজিস্টার থাকার পরও আলাদা ‘সাইড গেট এন্ট্রি’ রেজিস্টার ব্যবহার করা হয়েছে।
সিকিউরিটি গার্ডের স্বাক্ষর ছাড়াই হাজার হাজার কেজি খড় খামারে প্রবেশ করেছে—এমন তথ্যও তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।
এ ছাড়া স্টক রেজিস্টারের তথ্য কেটে ফেলা এবং আঠা দিয়ে পাতা জোড়া লাগিয়ে ভুয়া মজুদের হিসাব তৈরি করার প্রমাণ পাওয়া গেছে। ফলে খামারের প্রকৃত মজুদ ও কেনাকাটার হিসাব নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।
ফার্মেসি থেকে ৫০ হাজার টাকার কাল্পনিক ঘাস! তদন্ত কমিটির প্রতিবেদনে ‘নন্দি ফার্মেসি’ নামের একটি দোকান থেকে ৫০ হাজার টাকার ঘাস কেনার তথ্যও উঠে এসেছে। তদন্তে ওই ক্রয়কে সম্পূর্ণ কাল্পনিক বলে উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ যে প্রতিষ্ঠানের মূল কাজ ওষুধ বিক্রি, সেই ‘নন্দি ফার্মেসি’ থেকে ঘাস কেনার হিসাব দেখিয়ে অর্থ ব্যয়ের অভিযোগ সামনে এসেছে। এ ঘটনায় খামারের ক্রয় ও বিল ব্যবস্থাপনা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে।
১ লাখ ৮৪ হাজার টাকার ওষুধে খরচ দেখানো হয় ৩ লাখ ৭৯ হাজার টাকা : ওষুধ কেনাকাটায়ও বড় ধরনের আর্থিক অনিয়মের তথ্য পেয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের জুলাই মাসে প্রকৃতপক্ষে ১ লাখ ৮৪ হাজার টাকার ওষুধ কেনা হলেও নথিপত্রে ওই খাতে ৩ লাখ ৭৯ হাজার টাকা ব্যয় দেখানো হয়।
অর্থাৎ প্রকৃত ব্যয়ের তুলনায় অতিরিক্ত প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা খরচ দেখানো হয়েছে, যা আত্মসাতের অভিযোগকে আরও গুরুতর করে তুলেছে।
কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশের প্রমাণ : তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে শুধু বিচ্ছিন্ন অনিয়ম নয়, কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে প্রতিষ্ঠানের বিপুল আর্থিক ক্ষতি করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
জালিয়াতি, ভুয়া ভাউচার এবং বিনা চিকিৎসায় অর্থ আত্মসাতের ঘটনা প্রমাণিত হয়েছে উল্লেখ করে তদন্ত দল দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর সুপারিশ করেছে।
একদিকে পরিচালক পদে নির্বাচনে জিতিয়ে দেওয়ার নামে ১০ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, অন্যদিকে প্রতিষ্ঠানের খামারে মৃত বাছুরের চিকিৎসা দেখিয়ে অর্থ ব্যয়, ভুয়া ক্রয়, জাল গেট এন্ট্রি, রেজিস্টারে কাটাছেঁড়া এবং ওষুধের বিল ফুলিয়ে দেখানোর মতো ঘটনায় মিল্ক ভিটার অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও আর্থিক শৃঙ্খলা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
ভুক্তভোগী সমবায় নেতারা এসব অভিযোগের দ্রুত তদন্ত, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধারে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
এখন প্রশ্ন উঠেছে—তদন্ত কমিটির প্রতিবেদনে যেসব অনিয়ম ও জালিয়াতির তথ্য স্পষ্টভাবে উঠে এসেছে, সেসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা কবে নেওয়া হবে এবং প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত অর্থই বা কীভাবে উদ্ধার হবে?
