
নিজস্ব প্রতিবেদক : মামলাজট কমিয়ে বিচার ব্যবস্থায় গতি আনতে হাইকোর্ট বিভাগের চলমান বিশেষ উদ্যোগে একদিনেই নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৯৪৬টি দীর্ঘদিনের পুরাতন মামলা। এর মধ্যে ক্রিমিনাল মোশন বেঞ্চসমূহে ১ হাজার ৭৮৬টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং রীট মোশন বেঞ্চসমূহে ১৬০টি পুরাতন রীট মামলা নিষ্পত্তি করা হয়েছে।

বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং দীর্ঘদিন ধরে বিচারাধীন মামলার সংখ্যা কমানোর লক্ষ্যে প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রীট মোশন বেঞ্চসমূহে পুরাতন মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রমের আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা হচ্ছে।
হাইকোর্ট বিভাগের তথ্য অনুযায়ী, পুরাতন মামলা নিষ্পত্তি কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত সাত কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ২১ হাজার ৬২২টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং ৬ হাজার ৮৮৪টি পুরাতন রীট মামলা নিষ্পত্তি হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নিষ্পত্তি হওয়া পুরাতন মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫০৬টি।

জানা গেছে, দীর্ঘদিনের মামলা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানো, মামলা জট হ্রাস এবং বিচার ব্যবস্থার কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রীট মোশন বেঞ্চসমূহের মাননীয় বিচারপতিগণ পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে বিশেষভাবে এ কার্যক্রম শুরু করেন। এরপর থেকে ধারাবাহিকভাবে পুরাতন মামলা নিষ্পত্তির এই উদ্যোগ অব্যাহত রয়েছে।
বিচার বিভাগের সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিচারাধীন মামলার চাপ কমবে এবং সাধারণ বিচারপ্রার্থীরা আরও দ্রুত আইনি প্রতিকার পাওয়ার সুযোগ পাবেন।
