
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : টানা অতিবৃষ্টির কারণে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন এলাকার কৃষিজমি জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা কমবেশি ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে শাকসবজি ও আমন ধানের বীজতলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, অতিবৃষ্টিতে উপজেলার প্রায় ২ হেক্টর জমির শাকসবজি এবং ১ হেক্টর আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সবজির মধ্যে রয়েছে মরিচ, বেগুন, ধুন্দল, মিষ্টিকুমড়া, ঢেঁড়শসহ বিভিন্ন মৌসুমি ফসল।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, টানা বৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় গাছের গোড়া পচে যাচ্ছে এবং অনেক ক্ষেতেই ফসল নষ্ট হয়ে গেছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকদের আর্থিক ক্ষতির আশঙ্কাও বেড়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তার প্রাথমিক হিসাব অনুযায়ী, অতিবৃষ্টির কারণে এ পর্যন্ত পাঁচ লক্ষাধিক টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম বলেন, “টানা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কিছু শাকসবজি ও আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে এলে অনেক ক্ষেত্রেই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে।”
তিনি আরও জানান, কৃষকদের জমির অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন, রোগবালাই দমন এবং ক্ষতিগ্রস্ত জমিতে পুনর্বাসনের বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
