
শিবলী সাদিক খান, (ময়মনসিংহ) : সকল ধর্মের নারীদের সমান মর্যাদা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা.শফিকুর রহমান বলেছেন, একই আসমানের নিচে সকল ধর্মের নারী সাহস ও সম্মানের সাথে বসবাস করবেন।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ময়মনসিংহ বিভাগীয় নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বেতন কাঠামো এবং কর্মঘণ্টা পুনর্মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “২৪ ঘণ্টা ডিউটি করা পুলিশ আর ৮ ঘণ্টা কাজ করা চাকুরিজীবীর বেতন সমান হতে পারে না। আমরা যার যা হক, তা বুঝিয়ে দেব। প্রতিটি বেকার যুবকের হাতকে শক্তিশালী ও কর্মক্ষম করে গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

বিগত সরকারের সমালোচনা করে আমীরে জামায়াত বলেন, “বিগত সময়ে চোরেরা ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আল্লাহ তৌফিক দিলে এদের পেটের ভেতর হাত ঢুকিয়ে পাচারকৃত টাকা উদ্ধার করে আনব। এই টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের চার গুণেরও বেশি। টাকা পাচারকারী ‘মামু-খালু’ কাউকেই ছাড় দেওয়া হবে না।”

জামায়াত আমীর আরও বলেন, আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি ও মানুষের কল্যাণের জন্য। এ দেশের মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। দেশজুড়ে জামায়াতের জোটের গণজোয়ার সৃষ্টি হওয়ায় একটি রাজনৈতিক দল এখন দিশেহারা হয়ে পড়েছে। জনগণের ভালোবাসা ও সমর্থন দেখে তারা হতভম্ব।
ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা তুলে ধরে তিনি প্রতিশ্রুতি দেন, আগামী ১২ তারিখ নির্বাচিত হতে পারলে এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গবেষণাগারে রূপান্তর করা হবে। তিনি বলেন, “শিক্ষাকে ইচ্ছাকৃতভাবে পঙ্গু করে রাখা হয়েছে। আমরা কৃষিকে কেবল চাষাবাদ নয়, একটি সমৃদ্ধ শিল্পে পরিণত করে বিপ্লব ঘটাব।”
তিনি দাবি করেন, যেখানে জামায়াত কাজ করার সুযোগ পেয়েছে, সেখানেই সৎ নেতৃত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। তাই জনগণ আজ আবার জামায়াতের দিকে ফিরে তাকাচ্ছে।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও নৈতিকতার ভিত্তিতে। মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে।
জনসভায় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট প্রার্থীদের প্রতিকের ভোট দেওয়ার আহবান জানান। এর আগে কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ময়মনসিংহসহ সারা দেশে জামায়াতের জোট জনসমর্থন অভূতপূর্বভাবে বাড়ছে, যা আগামী দিনে দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে জনসভায় দলীয় নেতৃবৃন্দ ছাড়াও ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন। এ সময় জামাতের আমির ময়মনসিংহের ১১টি ও সংসদীয় আসনে জামাতসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে প্রতীক হাতে তুলে দেন।
