
নিজস্ব প্রতিনিধি, (রাজশাহী)৷ : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রেসক্লাব নেতারা নগরীর উন্নয়ন, যানজট নিরসন, অটোরিকশা নিয়ন্ত্রণ, সিসি ক্যামেরা স্থাপন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, ফুটপাত দখলমুক্তকরণ, জলাশয় সংরক্ষণ, খেলার মাঠ স্থাপন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে ওয়ার্ড কার্যালয় কাম কমিউনিটি সেন্টার নির্মাণসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।
রাসিক প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এসময় রাজশাহীর উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাকে রাজশাহী নগরবাসীর সেবার সুযোগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে থমকে থাকা উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে এবং নাগরিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার, রাস্তার খানাখন্দ মেরামত, মশক নিধনে ফগার স্প্রে কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি পদ্মা নদীকেন্দ্রিক পর্যটন উন্নয়ন, হাইটেক পার্ক সংলগ্ন মাঠে মিনি স্টেডিয়াম নির্মাণ, গুলজারবাগ ও ভদ্রা লেকে ফোয়ারা স্থাপন এবং বৃক্ষরোপণ কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন, সহ-সভাপতি আব্দুস সবুর ও শাহরিয়ার অন্তু, যুগ্ম সম্পাদক আবু কাউসার মাখন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, অর্থ সম্পাদক আল আমিন, কার্যনির্বাহী সদস্য মঞ্জুয়ারা খাতুন, সুজাউদ্দিন ছোটন, আজিবর রহমান, মোঃ রাজিব আলী রাতুল, রাউফ উদ্দিন রাফি, রুবেল সরকার, সদস্য লিয়াকত আলী, শাহিনুর রহমান সোনা সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
