
নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকা পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি শুরু করেছে পৌর বিএনপি।

ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান নিজস্ব অর্থায়নে এই উদ্যোগ গ্রহণ করেন। ঈদকে সবার সাথে মিলেমিশে আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে পৌরসভার নয়টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এসব উপহার বিতরণ করা হবে।
শুক্রবার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে আনুষ্ঠানিকভাবে উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আলহাজ্ব হাতেম খান।
এ সময় তেল, চিনি, সেমাই, সাবান ও চালসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির রায়হান, সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন, পৌর শ্রমিক দলের সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
