
মোঃ রফিকুল ইসলাম, বোয়ালমারী (ফরিদপুর) : ইসলামি ব্যাংকের ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে “ইসলামি ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) সকাল ১১টায় বোয়ালমারী চৌরাস্তায় এ মানববন্ধনে সভাপতিত্ব করেন অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক আব্দুস সালাম।
ইসলামি ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মোঃ আলী আব্বাসের পরিচালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাফেজ মাওঃ সৈয়দ সাজ্জাদ আলী , ব্যবসায়ী মোঃ কামাল উদ্দিন আহমেদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, নিজস্ব বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশ ইসলামী ব্যাংক এদেশের কোটি মানুষের আস্থা,ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে।

বিতাড়িত ফ্যাসিষ্ট সরকার এই ব্যাংকের কর্তৃত্ব দখলে তাদের দোসর এস,আলমকে লেলিয়ে দেয়। লুটেরা এই গোষ্ঠী অযোগ্য জনবল নিয়োগ, অর্থ আত্মসাৎসহ নানা ভাবে ব্যাংকটির ক্ষতি সাধন করে। ৫ আগস্ট পরবর্তী সময়ে অভ্যুত্থানকারী শক্তির ধাক্কায় এই লুটেরা গোষ্ঠী বিতাড়িত হলে ইসলামী ব্যাংক তার স্বাভাবিক গতি ফিরে পায়। কোটি কোটি গ্রাহক ফিরে পায় স্বস্তি।

বর্তমান সরকারের ব্যাংক নীতির কঠোর সমালোচনা করে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার দেশের আর্থিক খাতের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে একটি সঠিক,কার্যকর নীতিমালা তৈরি করে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সরকার সেই নীতিমালা বাতিল করে দেশের ব্যাংক খাতকে আবার ধ্বংসের পায়তারা করছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে একজন দলদাস ঋণ খেলাপী ব্যক্তিকে নিয়োগ দিয়েছে। ব্যাংক অধ্যাদেশ সংশোধনীর মাধ্যমে সেই লুটেরা গোষ্ঠী এস আলম গ্রুপকে ইসলামী ব্যাংকে পুনর্বাহাল হবার সুযোগ তৈরী করে দিয়েছে।
আমরা এই অপচেষ্টা ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন,আগামীতে যদি কোন অপশক্তি ইসলামী ব্যাংক দখলের পায়তারা করে তবে এর কোটি কোটি গ্রাহক দাঁত ভাঙা জবাব দেবে।
এদেশের মাটিতে আর কোন টাকা পাচারকারী,ব্যাংক ডাকাতদের ঠাই হবে না। ইসলামী ব্যাংককে তার কোটি গ্রাহকই রক্ষা করবে ইনশাআল্লাহ।
