
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরের নওয়াপাড়া বাজারে একটি দোকানে মূল্যতালিকা না টানিয়ে এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে ওই দোকানের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রবিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার শংকরপাশা খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।
এ সময় মেসার্স জিলানী মোটরসাইকেল গ্যারেজ অ্যান্ড ফুয়েল নামের একটি দোকানে মূল্য তালিকা না থাকা এবং ডিজেল, পেট্রল ও কেরোসিন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক শফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ৬ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, অভিযোগের ভিত্তিতে দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, আইন লঙ্ঘনের কারণে ওই দোকানের মালিককে জরিমানা করা হয়েছে।
এছাড়াও দোকানে মজুদ থাকা তেল স্থানীয় মোটরসাইকেল চালকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করা হয়। তিনি আরও জানান, ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যহত থাকবে।
