চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ

Uncategorized অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ শহীদুল ইসলাম :  চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ এবং এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।


বিজ্ঞাপন

র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি কাভার্ড ভ্যানযোগে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম শহরের দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল কর্ণফুলী থানাধীন ফকিরনীরহাট এলাকার শাহ মোহছেন আউলিয়া (র.) সংলগ্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করে।

একপর্যায়ে বাঁশখালী-আনোয়ারা থেকে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটির পেছনের অংশের নিচে বাম পাশে বিশেষ কৌশলে তৈরি করা লোহার গোপন চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

অভিযানকালে কাভার্ড ভ্যানের চালক নাজমুল হক (৩৭) কে আটক করা হয়। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার বাসিন্দা এবং মো. বেলাল হোসেনের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।


বিজ্ঞাপন

র‌্যাব কর্মকর্তারা জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে মাদক সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলেও দাবি করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত কাভার্ড ভ্যান এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, মাদক নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা ও মহাসড়ককেন্দ্রিক নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *